ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:৩১ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের স্টেডিয়াম এলাকা থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, তারেক রেজা সন্ধ্যায় স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিতে যান। এ সময় মিলনায়তনের সামনে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজের পর স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর প্রথমে তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। পরে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির পাল্টা মামলা দায়ের করে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495