র‌্যাব সদস্যকে খুনের দায় স্বীকার করলেন বিএনপি নেতার ছেলে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

সিলেটে র‌্যাব সদস্য ইমন আচার্য হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হওয়া আসাদুল আলম বাপ্পী (২২) আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

ঘটনার পর গ্রেফতার হওয়া বাপ্পী নগরীর কাজিরবাজার এলাকার মোগলটুলা ২৪ নম্বর বাসার বাসিন্দা। তিনি ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২২ বছর বয়সী বাপ্পী দীর্ঘদিন ধরে সিলেটের অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ধর্ষণ, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পিতার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় ছিনতাই ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

স্থানীয়রা জানান, বাপ্পী প্রায়ই ধারালো অস্ত্র বহন করতেন এবং তার কর্মকাণ্ডে কাজিরবাজারসহ আশপাশের এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে তার বাবা আবুল হোসেন তাকে পরিবার থেকে আলাদা করে দেন এবং দুইবার নিজ উদ্যোগে পুলিশের কাছেও সোপর্দ করেন।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, বাপ্পীর সঙ্গে তার বাবার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই। তিনি আরও দাবি করেন, বিএনপি মাদক ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং ব্যক্তিগত অপরাধকে দলীয় পরিচয়ের সঙ্গে যুক্ত করা ঠিক নয়।

ঘটনার দিন নগরীর ক্বিনব্রিজ এলাকায় সাদা পোশাকে থাকা র‌্যাব-৯ এর সদস্য ইমন আচার্য ছিনতাইকারীদের ধাওয়া দিতে গিয়ে বাপ্পীকে আটক করার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে বাপ্পী ধারালো ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে পালিয়ে যাওয়ার সময় বাপ্পী একটি বাসায় ঢুকে এক শিশুকে জিম্মি করার চেষ্টা করেন। পরে যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার এবং রক্তমাখা ছুরিসহ তাকে আটক করা হয়।

নিহতের ভাই সুজিত আচার্য বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাপ্পী আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495