স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:১২ পিএম

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মেয়েকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাসেল মাহমুদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) রাতে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট দেন রাসেল মাহমুদ। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শনিবার বিকেলে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন। একইসঙ্গে একটি ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে তিনি অসংযত ভাষা ব্যবহার করেছেন এবং এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে ক্ষমা চান। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকারও আশ্বাস দেন তিনি।

ক্ষমা চেয়ে দেওয়া পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য ও ছাত্রদলের কর্মী বলে উল্লেখ করেন। ভিডিও বক্তব্যেও তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা জানান।

এ বিষয়ে বাঙ্গালহালিয়া ছাত্রদলের সভাপতি জুনায়েদ বলেন, রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তার বাবা রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, পুলিশ সুপারের নির্দেশে আমরা অভিযুক্তকে গত রাতে গ্রেপ্তার করেছি। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495