আইপিএল নিলামে রেকর্ড পারিশ্রমিকে কলকাতায় মুস্তাফিজ
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে তীব্র প্রতিযোগিতা হবে, তা আগেই অনুমেয় ছিল। তবে নিলামের মঞ্চে টাইগার এই পেসার যে এতটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন, তা অনেকের ধারণার বাইরে ছিল। শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দরকষাকষির লড়াইয়ে জয় পায় শাহরুখ খানের দল কলকাতা।
২ কোটি রুপি ভিত্তিমূল্যের মুস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কেকেআর। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।
আইপিএল নিলামের ইতিহাসে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এত বেশি দামে বিক্রি হননি। এর আগে সর্বোচ্চ দাম উঠেছিল ২০০৯ সালে, যখন মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বর্তমান বিনিময় মূল্যে সেটির পরিমাণ প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি। মুস্তাফিজ নিজেও আগে সর্বোচ্চ দাম পেয়েছিলেন ২০১৮ সালের আইপিএল নিলামে, যখন মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল।
আইপিএলে মুস্তাফিজের অভিষেক হয় ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেই মৌসুমেই তিনি ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে নজর কাড়েন এবং আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন। সেটিই এখনো তার আইপিএল ক্যারিয়ারের সবচেয়ে সফল আসর।
এরপর বিভিন্ন মৌসুমে একাধিক দলের হয়ে আইপিএল মাতিয়েছেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই বাঁহাতি পেসার। এখন পর্যন্ত আইপিএলে ৬০ ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে ৬৫টি উইকেট। সর্বশেষ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচে চারটি উইকেট নেন মুস্তাফিজ।
আইপিএলের আগে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুস্তাফিজ। প্রথমবারের মতো এই লিগে অংশ নিয়ে দুবাই ক্যাপিটালসের হয়ে চার ম্যাচে ছয়টি উইকেট শিকার করেছেন তিনি।