সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

ছবি: সংগৃহীত

ডে লাইট ফায়ারওয়ার্ক প্রদর্শন এবং ২৫ হাজার বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বাদশ আসর।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা দুইটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সম্প্রতি সন্ত্রাসী হামলায় শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি স্মরণে এক মিনিট নীরবতা পালিত হয়। শহীদ হাদি ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন এবং এক সপ্তাহ পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মরদেহ দেশে আনা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।

নীরবতা পালনের সময় বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে দুই হাত তুলে দোয়া করতে দেখা যায়।

এইবারের বিপিএল উদ্বোধনে দুই পর্বের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব শেষে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ শুরু হয় বিকেল তিনটায়। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় পর্বে আয়োজন ছিল নাচ ও গান। বিপিএলে অংশ নেওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পরিহিত শিল্পীরা ফুয়াদ মুকতাদিরের কোরিওগ্রাফিতে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। ৪৫ মিনিটের অনুষ্ঠান শেষে রাত ৭টা ৪৫ মিনিটে দ্বিতীয় ম্যাচ শুরু হয়, যেখানে মুখোমুখি হয় নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।

উদ্বোধন উপলক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক থেকে গ্যালারির চারপাশে সাজসজ্জা করা হয়েছে। ক্রিকেটীয় আয়োজনের পাশাপাশি সিলেটের ঐতিহ্য ও নিদর্শনের প্রদর্শনীও ফুটে উঠেছে। মাঠে ভিড়ও ছিল চোখে পড়ার মতো, যা উদ্বোধনের জমকালো পরিবেশকে আরও উজ্জ্বল করেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495