টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, সিদ্ধান্ত বিসিবির
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:১৬ পিএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার দুপুরে বিসিবির ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বিসিবি সূত্র জানায়, বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতেও বোর্ড পরিচালকদের মধ্যে অনলাইনে আলোচনা হয়। সে সময় অধিকাংশ পরিচালক শুরুতে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে ছিলেন না। তবে পরে সরকারের উচ্চপর্যায়ের মতামত এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বোর্ডের অবস্থানে পরিবর্তন আসে।
এরই পরিপ্রেক্ষিতে রোববারের সভায় সিদ্ধান্ত হয়, বর্তমান বাস্তবতায় বাংলাদেশ দলের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপত্তা ও মর্যাদার দিক থেকে উপযুক্ত নয়। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল ভারতে যাবে না বলে নীতিগত অনুমোদন দেয় বিসিবি।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, “খুব শিগগিরই এ বিষয়ে বিসিবির অবস্থান আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।”
এই সিদ্ধান্তকে ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা, সম্মান ও ক্রীড়াগত অধিকারের প্রশ্ন সামনে এসেছে, যারই প্রতিফলন দেখা গেল এই সিদ্ধান্তে। এখন বিসিবির আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে রয়েছে দেশের ক্রীড়াঙ্গন।