‘শতভাগ নিরাপত্তা পেলেও ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ’

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ—এ সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কারণে বিসিবি ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিষয়টি জানিয়েছে। আজ আইসিসির সঙ্গে বিসিবির একটি অনলাইন বৈঠক হওয়ার কথা রয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দেশ টুর্নামেন্টে অংশ না নিলে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হয়। অতীতে ভারত-পাকিস্তানের সিরিজ বাতিল বা ভেন্যু পরিবর্তনের ক্ষেত্রে ‘সরকারি নিষেধাজ্ঞা’ গ্রহণযোগ্য কারণ হিসেবে বিবেচিত হয়েছে।

বিসিবি জানিয়েছে, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী নিরাপত্তাজনিত কারণে ভারত সফর করা সম্ভব নয়। সরকারের আশঙ্কা, ভারতের মাটিতে বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত নয়। তাই বাংলাদেশের ম্যাচগুলো অন্যান্য দেশে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

সম্প্রতি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় বোর্ড (বিসিসিআই)। এ ঘটনার পর ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, “এই মুহূর্তে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ মনে করি না। নিরাপত্তা আমাদের বড় দুশ্চিন্তা। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া অসম্মানজনক। শতভাগ নিরাপত্তা দিলেও ভারতে যাবে না টাইগাররা।”

বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানান, সরকারের নিষেধাজ্ঞা থাকায় ভিন্ন সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। নিরাপত্তা শুধু খেলোয়াড় নয়, সংবাদকর্মী ও দর্শকদের জন্যও গুরুত্বপূর্ণ।

আইসিসির মাধ্যমে আয়োজক দেশকে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে। তবে বিসিবি সেই প্রস্তাবেও রাজি নয়। ভারতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছে, বাংলাদেশ দলের ম্যাচ অন্য দেশে সরানো হতে পারে।

বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে ভেন্যু পরিবর্তন সহজ নয়। সূচি, সম্প্রচার ও প্রতিপক্ষ দলের সম্মতির বিষয়ও জড়িত। আইসিসি যদি বিসিবির প্রস্তাব না মানে এবং বাংলাদেশও না খেললে, প্রতিপক্ষ দল ওয়াকওভার পেতে পারে এবং শাস্তির মুখে পড়ার সম্ভাবনা থাকে। তবে বিসিবি আশাবাদী, নিরাপত্তাজনিত সরকারি নিষেধাজ্ঞা বিবেচনায় আইসিসি বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495