আমি বাংলাদেশের দালাল, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না: বিসিবি পরিচালক
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যের জেরে তাকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে বিতর্কে জড়ানো বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম বলেছেন, তিনি এ বক্তব্যের জন্য কোনো ক্ষমা চাইবেন না। তার ভাষায়, তিনি বাংলাদেশের পক্ষেই অবস্থান নিয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এম নাজমুল ইসলাম এ কথা বলেন।
বিসিবি পরিচালক বলেন, “আমি যদি কথাটা ইংরেজিতে বলতাম, তাহলে হয়তো এতটা প্রতিক্রিয়া হতো না। আসলে আমি নিজেও একজন দালাল, তবে বাংলাদেশের দালাল। দালালের ইংরেজি ‘এজেন্ট’ বললে সুন্দর শোনায়, কিন্তু বাংলা শব্দটা শুনলে মানুষ খারাপভাবে নেয়।”
তামিম ইকবালের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আমি দেশের প্রতিফলন, দেশের মানুষের প্রতিফলন হিসেবেই কথাটা বলেছি। এটা গণমানুষের অনুভূতির প্রতিফলন।”
এদিকে সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি পোস্ট দেন এম নাজমুল ইসলাম। সেখানে তিনি দাবি করেন, মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে—এমন আশঙ্কা থেকে ক্রীড়া উপদেষ্টা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন।
নাজমুল ইসলাম আরও লেখেন, এই সিদ্ধান্তে পররাষ্ট্র উপদেষ্টাও সমর্থন জানিয়েছেন। এমন পরিস্থিতিতে দেশের জনগণের আবেগের বাইরে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা একজন কিংবদন্তি ক্রিকেটার ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন—এটি তার ব্যক্তিগত অভিমত বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তার মন্তব্যকে ভিন্নভাবে না নেওয়ার আহ্বান জানান।