চট্টগ্রামকে উড়িয়ে বিপিএলের শিরোপা জিতল রাজশাহী ওয়ারিয়র্স

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে একচেটিয়া আধিপত্য দেখিয়ে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হলো রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৬৩ রানের বড় ব্যবধানে জয় পায় নাজমুল হোসেন শান্তর দল।

টস জিতে চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিং ও সাহিবজাদা ফারহানের ধৈর্যশীল ইনিংসে ওপেনিং জুটিতে আসে ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হন।

দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরও ৪৭ রান যোগ করেন তানজিদ। উইলিয়ামসন শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে করেন ১৫ বলে ২৪ রান।

এদিন দুর্দান্ত ফর্মে থাকা তানজিদ হাসান তামিম তুলে নেন দৃষ্টিনন্দন সেঞ্চুরি। মাত্র ৬২ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। চলতি বিপিএলে এটি তানজিদের চতুর্থ সেঞ্চুরি এবং বিপিএল ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে শতক করার কীর্তি গড়লেন তিনি। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১১ রান এবং জিমি নিশাম ৭ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী তোলে ১৭৪ রান।

চট্টগ্রামের পক্ষে শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম দুটি করে উইকেট নেন।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় চট্টগ্রাম রয়্যালস। মাত্র ১৮ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যান। মোহাম্মদ নাঈম শেখ করেন ১০ বলে ৯ রান, আর মাহমুদুল হাসান জয় কোনো রান না করেই আউট হন। হাসান নেওয়াজ ৭ বলে ১১ রান করলেও ইনিংস বড় করতে পারেননি।

চতুর্থ উইকেটে উইকেটরক্ষক ব্যাটার জাহিদুজ্জামান ও মির্জা বেগ কিছুক্ষণ লড়াই চালালেও ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচ ক্রমেই হাতছাড়া হয়ে যায়। জাহিদুজ্জামান ১৩ বলে ১১ রান করে আউট হন, আর মির্জা বেগ করেন ৩৬ বলে ৩৯ রান। শেষ পর্যন্ত ১১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

এই জয়ে বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এর আগে ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495