সাকিব-মাশরাফিকে ফেরাতে মামলার দ্রুত নিষ্পত্তি চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম
বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মিরপুরের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য আমিনুল হক বলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে তাদের আবার দেশের ক্রিকেটে ফেরানো সম্ভব হবে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের হয়ে নির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসান দেশে ফেরেননি। মাশরাফি বিন মুর্তজাকেও দীর্ঘ সময় প্রকাশ্যে দেখা যায়নি। দুজনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে, যার মধ্যে সাকিবের বিরুদ্ধে কিছু দুর্নীতি ও হত্যা মামলা এবং মাশরাফির বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।
আমিনুল হক বলেন, “মামলাগুলো দ্রুত সমাধান হলে সাকিব-মাশরাফিরা আবার বাংলাদেশে ক্রিকেটে ফিরতে পারবেন। আমরা এই বিষয়ে নমনীয় ও সহনশীল হতে চাই।”
তিনি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন প্রসঙ্গে আগেও প্রশ্ন তুলেছেন। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তিনি আইসিসির নিয়ম মেনে বোর্ডের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি উন্নত করার পরিকল্পনা করছেন।