সাকিবকে দলে ফেরাতে বিসিবির নতুন উদ্যোগ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাবেক অধিনায়কের বিরুদ্ধে দায়ের করা আইনি মামলার নথিপত্র সরকারের কাছে জমা দিয়েছে বোর্ড। এতে করে তার দেশে ফেরার পথ আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ দলের জার্সিতে আবারও সাকিবকে দেখা এখন সময়ের ব্যাপার—এমন আভাস মিলছে বিভিন্ন মহল থেকে। সরকার ও বোর্ড দুপক্ষই ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তার নামে দায়ের হওয়া মামলার নিষ্পত্তি কীভাবে হবে, সেটিই ছিল বড় প্রশ্ন।

নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ইতোমধ্যেই এ বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি জানান, সাকিবের পাশাপাশি মাশরাফি বিন মর্তুজার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ফেরাতে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে।

বোর্ডের এক পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, সরকারের তত্ত্বাবধানেই সাকিবের মামলার বিষয়টি নিষ্পত্তির পথে এগোবে। পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দলীয় প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে সাকিবকে ফেরানোর অনুরোধ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বোর্ড।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেই সাবেক এই অধিনায়কের প্রত্যাবর্তন ঘটতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495