ক্রিকেটার নাসির-তামিমার সাজা হবে কি না, জানা যাবে ১০ জুন
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৬:৫২ পিএম
অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির ভাগ্য নির্ধারণ হবে আগামী ১০ জুন। এদিনই আলোচিত এই মামলার রায় ঘোষণা করবেন আদালত।
বুধবার (৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম বাদী ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেন। শুনানিতে বাদীপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। অন্যদিকে নিজেদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে আসামিপক্ষ।
এর আগে গত ১৬ এপ্রিল মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালত মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এরও আগে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে একই বছরের ৬ মার্চ অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু। অন্যদিকে সুমি আক্তারকে অব্যাহতির সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।
২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মেদ উভয় পক্ষের রিভিশন আবেদন নামঞ্জুর করে মামলার বিচার চলমান রাখার নির্দেশ দেন। একই সঙ্গে সুমি আক্তারের অব্যাহতির আদেশ বহাল থাকে।
মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমা সুলতানা তাম্মির সাবেক স্বামী রাকিব হাসান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে।
পরবর্তীতে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও নাসির হোসাইনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে বিষয়টি সামনে আসে। অভিযোগে আরও বলা হয়, পূর্বের বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাম্মি নাসিরকে বিয়ে করেন, যা আইনগতভাবে অবৈধ। এতে প্রতারণা, মানহানি ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন বলে দাবি করেন রাকিব হাসান।