দুই আসর বিরতির পর আবারও ফুটবল বিশ্বকাপের থিম সংয়ে ফিরলেন শাকিরা
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:৪৪ পিএম
ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপ তারকা শাকিরা যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০১০ সালের বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ‘লা লা লা’ দিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মাতিয়ে দিয়েছিলেন তিনি। এরপর দুই আসর বিরতি দিয়ে আবারও বিশ্বকাপের অফিসিয়াল থিম সং গাইতে ফিরছেন এই জনপ্রিয় শিল্পী।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য শাকিরার নতুন গান ‘দাই দাই’ নির্বাচিত হয়েছে। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ার জনপ্রিয় আফ্রোবিটস তারকা বার্না বয়।
বৃহস্পতিবার (৭ মে) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিরা। ভিডিওতে দেখা যায়, আয়োজক তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় পতাকার রঙে সেজে নৃত্য পরিবেশন করছেন একদল শিল্পী।
বিশ্বকাপকে সামনে রেখে তৈরি এই গানটি আগামী ১৪ মে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আয়োজকরা জানিয়েছেন, বিশ্বকাপের আবেগ, বৈচিত্র্য এবং বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরতেই এই গানে দুই ভিন্ন সংস্কৃতির শিল্পীকে একসঙ্গে আনা হয়েছে।
এটি নিয়ে তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল থিম সংয়ে কণ্ঠ দিচ্ছেন শাকিরা। ২০১০ সালে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল থিম সং হিসেবে বিবেচিত হয়। এরপর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ‘লা লা লা’ গানেও সমর্থকদের মাতিয়েছিলেন তিনি। রাশিয়া ও কাতার বিশ্বকাপে তিনি অংশ নেননি।
এবারের গানে তার সঙ্গে যুক্ত হয়েছেন বার্না বয়, যিনি আফ্রোবিটস ঘরানাকে বিশ্বমঞ্চে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফলে ‘দাই দাই’ গানটিতে লাতিন পপ ও আফ্রিকান বিটের এক অনন্য মিশ্রণ শোনা যাবে বলে ধারণা করা হচ্ছে।