তেহরানে ইরানের ইরান ফুটবল দলের রাজকীয় বিদায় সংবর্ধনা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:১২ পিএম

ছবি: সংগৃহীত

ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে রাজকীয় বিদায় সংবর্ধনা পেয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বুধবার রাতে তেহরানের ঐতিহাসিক এনকেলাব স্কয়ারে হাজারো সমর্থকের উপস্থিতিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য এই অনুষ্ঠান।

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ফুটবলারদের নতুন করে অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠানে খেলোয়াড়রা দেশপ্রেমমূলক বক্তব্য দেন এবং সমর্থকদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন। একই সঙ্গে বিশ্বকাপে ব্যবহৃত হতে যাওয়া ইরানের নতুন জার্সিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

আগামী সপ্তাহে তুরস্কে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে দেশ ছাড়বে ইরান দল।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, গত চারটি বিশ্বকাপ অভিযানের মধ্যে এটিই ছিল সবচেয়ে স্মরণীয় বিদায় সংবর্ধনা। তার ভাষায়, ফল যাই হোক বিদেশের মাটিতে দেশের পতাকা ও মর্যাদা রক্ষায় কোনো ছাড় দেবেন না ফুটবলাররা।

তবে উৎসবের আবহের মাঝেও বড় উদ্বেগ হয়ে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতা। বিশ্বকাপের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রে ইরানের তিনটি ম্যাচ আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দুই সপ্তাহ আগে ফিফা কংগ্রেসে অংশ নিতে কানাডায় প্রবেশে বাধার মুখে পড়েন মেহেদি তাজ। কানাডার অভিবাসন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলে।

একই ধরনের জটিলতা যুক্তরাষ্ট্রেও দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও জানিয়েছেন, ওই সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এ অবস্থায় ভিসা সংকট নিরসনে ফিফার দিকেই তাকিয়ে আছে ইরান ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়েত মোম্বেইনি জানিয়েছেন, এখনো পর্যন্ত তারা ভিসা বিষয়ে কোনো চূড়ান্ত বার্তা পাননি। তবে ফিফা সময়মতো সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে।

সম্প্রতি ইরাকের কয়েকজন ফুটবলারের ভিসা বাতিল হওয়ার খবর ছড়িয়ে পড়লেও পরে তা অস্বীকার করে হোয়াইট হাউজ ও ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন। এরপরও ইরানি শিবিরে উদ্বেগ পুরোপুরি কাটেনি। তবে ফিফার আশ্বাসে এখনো আশাবাদী ইরান।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495