ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব স্পেনের প্রধানমন্ত্রীর
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:৩৬ পিএম
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
বৃহস্পতিবার (১৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইয়ামালের সমালোচনা করেন। তিনি দাবি করেন, ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের মাধ্যমে ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পথ বেছে নিয়েছেন। একই সঙ্গে তিনি হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে ৭ অক্টোবরের হামলার প্রসঙ্গও টানেন।
কাৎজ আরও বলেন, যারা এমন বার্তাকে সমর্থন করেন, তাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত এটি মানবিক ও নৈতিক কি না। ইসরায়েল ও ইহুদিদের বিরুদ্ধে কোনো উসকানির বিষয়ে তিনি নীরব থাকবেন না বলেও মন্তব্য করেন।
এ সময় বার্সেলোনার প্রতি আহ্বান জানিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ক্লাবটির উচিত ইয়ামালের এমন অবস্থান থেকে নিজেদের দূরে রাখা এবং সন্ত্রাসবাদকে সমর্থনের কোনো সুযোগ নেই—সেটি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া।
তবে কাৎজের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, একটি রাষ্ট্রের পতাকা ওড়ানোকে যারা ‘ঘৃণা উসকানি’ মনে করেন, তারা হয় বিচারবুদ্ধি হারিয়েছেন, নয়তো নিজেদের অবস্থানের কারণে অন্ধ হয়ে গেছেন।
সানচেজ আরও বলেন, ইয়ামাল শুধু সেই সংহতির প্রকাশ করেছে, যা ফিলিস্তিনের জনগণের প্রতি লাখো স্প্যানিশ নাগরিক অনুভব করেন।
ঘটনার সূত্রপাত গত সোমবার (১১ মে)। রিয়াল মাদ্রিদকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা জেতে বার্সেলোনা। শিরোপা উদযাপনে ছাদখোলা বাসে সতীর্থদের সঙ্গে যোগ দেন লামিনে ইয়ামাল। এ সময় তার হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। মুহূর্তটির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়।