বিছনাকান্দিতে গোসল করতে নেমে প্রাণ গেল শাবিপ্রবি শিক্ষার্থীর

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

সিলেটের পর্যটনকেন্দ্র বিছনাকান্দিতে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম শান্ত চন্দ্র বনিক (২২)। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভান্ডারদহ গ্রামের ক্ষিতিশ চন্দ্র বনিকের ছেলে। শান্ত বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, শুক্রবার দুপুরের পর শান্তসহ ১২ জন সহপাঠী সিলেটের জনপ্রিয় পর্যটন এলাকা বিছনাকান্দিতে বেড়াতে যান। বিকেল ৪টার দিকে শান্ত ও তার পাঁচ সহপাঠী জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে পানিতে নামেন।

একপর্যায়ে বিকেল ৫টার দিকে প্রবল স্রোতে শান্ত ও তার আরও দুই সহপাঠী পানিতে তলিয়ে যান। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকার সহায়তায় দুই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারলেও শান্ত নিখোঁজ হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও গোয়াইনঘাট থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহায়তায় ডুবুরি দল টানা সাড়ে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে শান্ত চন্দ্র বনিকের মরদেহ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের যৌথ অভিযানে দীর্ঘ সময় পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495