যবিপ্রবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তুমুল সংঘর্ষ, আহত ৫

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:১০ এএম

ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর যশোর–চৌগাছা সড়কের আমবটতলা মোড়ে উত্তেজনার সূত্রপাত হয়। প্রায় এক ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা চলে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের তথ্য অনুযায়ী, ফটোকপি করতে আসা যবিপ্রবির এক নারী শিক্ষার্থীকে দোকানদার উত্ত্যক্ত করলে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে মারধর করেন। এরপর আশপাশের অন্য দোকানদাররা উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পাঁচ শিক্ষার্থী আহত হন।

ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এসে মূল ফটকের সামনে সড়কে টায়ার ও বেঞ্চে আগুন দিয়ে বিক্ষোভ করেন। এতে যশোর–চৌগাছা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে ফাঁড়ি, থানা পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, “স্থানীয়রা আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বলে জেনেছি। আহত শিক্ষার্থীর সংখ্যা কমপক্ষে পাঁচ। কারও অবস্থা গুরুতর কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে।” তিনি জানান, পুরো বিষয়টি তদন্ত করা হবে।

যশোর কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। আহতদের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495