দেশাত্মবোধক গানে অবদান: একাধিক সম্মাননায় ভূষিত সারাব আজমান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম
আমেরিকায় অধ্যয়নরত তরুণ কণ্ঠশিল্পী সারাব আজমান ছুটিতে দেশে এসে দেশাত্মবোধক গানে বিশেষ অবদানের জন্য একাধিক সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি তার সংগীত কার্যক্রম ও দেশপ্রেমমূলক গানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সংগঠন তাকে এসব পুরস্কারে ভূষিত করে।
সারাব আজমানের সংগীতযাত্রা শুরু হয় ২০১১ সালে। সে বছর তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় সংগীত প্রতিযোগিতা ‘খুদে গানরাজ’-এ অংশ নিয়ে সেরা ১৬ জনের মধ্যে স্থান করে নেন। পরবর্তীতে তিনি ‘সেরা কণ্ঠ ২০২৩’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান। প্রতিযোগিতা শেষে উচ্চশিক্ষার জন্য বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটিতে অধ্যয়নরত এই শিল্পী পড়াশোনার পাশাপাশি নিয়মিত বাংলা গান চর্চা ও মৌলিক গান প্রকাশে সক্রিয় রয়েছেন।
দেশে অবস্থানকালে সাউন্ড হ্যাকারের প্রযোজনায় সারাব আজমানের দেশাত্মবোধক গান ‘বাংলাকে খুঁজে পাই’ প্রকাশ পায়। পাশাপাশি তার আরও দুটি মৌলিক গান ‘সত্যিকারের তুই চাই’ ও ‘তুই আমার শুরু’ শিগগিরই প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়া অনুরুদ্ধ শুভর পরিচালনায় ‘তুমি ছাড়া ভালো লাগে না’ শিরোনামের আরেকটি মৌলিক গানও প্রকাশ হতে যাচ্ছে।
এই সব অবদানের স্বীকৃতি হিসেবে সারাব আজমান পেয়েছেন ভিক্টোরি অ্যাওয়ার্ড ২০২৫, স্টার অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২৫, দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার ২০২৫, সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫ এবং বিজিসিএফ অ্যাওয়ার্ড ২০২৫। শ্রোতামহলে তার গান ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। আন্তর্জাতিক পরিসরে বাংলা গান ও বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতেই কাজ করে যাচ্ছেন তিনি।