লাইফ সাপোর্টে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:১১ পিএম

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৯ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ‘ডানা ভাই জোশ’খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা কায়সার। পরে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষায় তার শরীরে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ সংক্রমণের কারণে তার লিভার ফেইলর হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কামরুন নাহার ডানা জানান, প্রথমে কারিনাকে আইসিইউতে রাখা হলেও শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য কারিনা কায়সারকে ভারতে নেওয়ার চেষ্টা করছে তার পরিবার। একই সঙ্গে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ডানা লেখেন, “আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না।”

কারিনা কায়সারের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495