সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন নিলেন অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তারকাদের আগ্রহ বাড়ছে ধারাবাহিকভাবে। কনকচাঁপা ও বেবী নাজনীনসহ একাধিক পরিচিত মুখের পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

কুষ্টিয়া থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়ার পর নিজেই বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে দলটি। শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে উচ্ছ্বসিত দেখা যায় চমককে।

চমকের ভাষ্য, দেশের জন্য কাজ করার আগ্রহ থেকেই তার রাজনীতিতে আসা। বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করতে চান তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন তিনি। তার বিশ্বাস, বিএনপির সঙ্গে যুক্ত হয়ে নিজের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে। দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার আলোচনা ইতিবাচক হয়েছে বলেও জানান তিনি। মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলেও উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় চমক জানান, তিনি নতুন এক পথচলা শুরু করেছেন এবং সবার কাছে দোয়া কামনা করেছেন।

এদিকে, বিএনপি থেকে সংসদ সদস্য হওয়ার পথে এই অভিনেত্রী কতটা এগিয়ে গেলেন তা জানতে এখন অপেক্ষা করতে হবে দলের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা মুখ রুকাইয়া জাহান চমক অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতেও সক্রিয় ছিলেন। বিশেষ করে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার পক্ষে অবস্থান নেওয়া তারকাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495