চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৪৯ পিএম
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। লিভারজনিত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ মে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
পারিবারিক সূত্র জানায়, কয়েক দিন ধরেই কারিনা কায়সারের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
গণমাধ্যমকে কায়সার হামিদ জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ কারিনা কায়সারের রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়। পরে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু হয়। একই সঙ্গে লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ হয়।