ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ ছাড়, চিকিৎসকের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

ডেঙ্গু চিকিৎসা ব্যয় কমাতে দেশের বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা খালি রাখা এবং পরীক্ষায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় মেডিকেল কলেজ হাসপাতাল, প্যাথলজি, বেসরকারি হাসপাতাল, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব অংশীজন উপস্থিত ছিলেন।

সভায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সংকট ও ব্যয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ১০ শতাংশ শয্যা খালি রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষায় ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে।

তিনি আরও নির্দেশ দেন, রোগীরা শুধু ওষুধ ও খাবারের খরচ বহন করবে, তবে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ ফি সম্পূর্ণভাবে মওকুফ করতে হবে।

চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা শেষে স্বাস্থ্যমন্ত্রী ওষুধ প্রয়োগে যথাযথ নিয়ম অনুসরণের ওপর গুরুত্ব দেন এবং স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে এমন ওষুধ ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা দেন।

তিনি জানান, বর্তমানে ডেঙ্গুর কোনো স্বীকৃত আন্তর্জাতিক টিকা নেই। এ কারণে দেশে এখনই ডেঙ্গুর টিকাদান কার্যক্রম চালুর কোনো পরিকল্পনা নেই।

ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি আরও বলেন, সারা দেশে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর অভিযান চালানো হবে। কারও বাসা বা আশপাশে অপরিচ্ছন্নতা পাওয়া গেলে এবং মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495