চাকার ওপর সংসার,আজিজ-শাহিনার অন্তহীন সংগ্রাম

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পিএম

পঙ্গু স্বামী ও নেকাব পরা স্ত্রীর হুইলচেয়ার-ট্রাইসাইকেলেই এখন একমাত্র সম্বল || ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম শহর কিংবা গ্রামের সড়কে প্রায়ই চোখে পড়ে এক হৃদয়স্পর্শী দৃশ্য। একটি হুইলচেয়ারে বসে আছেন এক নারী, আর সেটি ঠেলে নিয়ে চলেছেন তার শারীরিক প্রতিবন্ধী স্বামী। জীবনের কঠিন বাস্তবতায় পড়ে তারা বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তি শুধু দু’মুঠো খাবারের জন্য।

ভূমিহীন এই দম্পতি আব্দুল আজিজ ও শাহিনা বেগম বর্তমানে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা আশ্রয়ণ প্রকল্পে অন্যের ঘরে আশ্রিত হিসেবে বসবাস করছেন। প্রতিদিন সকাল হলেই তারা বের হন রাস্তায়। হুইলচেয়ারটিই এখন তাদের একমাত্র ভরসা। এটি নিয়েই দিনভর শহরের বিভিন্ন সড়ক ঘুরে মানুষের কাছে সাহায্য চান।

শারীরিক অসুস্থতার কারণে আব্দুল আজিজ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। ফলে স্ত্রীকে সঙ্গে নিয়েই তাকে প্রতিদিন রাস্তায় বের হতে হয়। আব্দুল আজিজ আক্ষেপ করে বলেন, “আমি পরিবার নিয়ে আবাসনের অন্যের ঘরে থাকি। আমার কোনো ভাতা বা ভিজিএফ কার্ডে নাম নেই। একদিন ভিক্ষা না করলে পেটে ভাত জোটে না। তিন সন্তানের মধ্যে দুইজনের বিয়ে হয়ে গেছে, আর এক সন্তান আমার সঙ্গে থাকে।

তার স্ত্রী শাহিনা বেগম বলেন, “আমার স্বামী পঙ্গু। তাকে নিয়েই ভিক্ষা করে সংসার চালাই। আমাদের কোনো জমিজমা নেই। এখন যেখানে থাকি সেটাও অন্যের ঘর। যদি তারা বের করে দেয়, তাহলে কোথায় যাবো জানি না। স্বামীর পঙ্গু ভাতার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু এখনো কিছু হয়নি।”

স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বলেন, “পরিবারটি খুবই অসহায় ও ভূমিহীন। তারা পৌর শহরের ভেলাকোপা এলাকার মানুষ। বর্তমানে আমাদের এলাকার আশ্রয়ণ প্রকল্পে থাকে। সমাজের বিত্তবানরা যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে হয়তো তারা একটু ভালোভাবে বাঁচতে পারবে।

এ বিষয়ে কুড়িগ্রাম সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবির বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের শতভাগ ভাতার আওতায় আনার চেষ্টা চলছে। ওই দম্পতির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495