শহিদুল আলমের মুক্তিতে জরুরি পদক্ষেপ নিন: ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আলোকচিত্রী শহিদুল আলমকে ইসরায়েলি বর্বর বাহিনী ধরে নিয়ে গেছে — যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নাগরিক মর্যাদার ওপর সরাসরি আঘাত। বুধবার এক বিবৃতিতে তিনি সরকারের প্রতি শহিদুল আলমের নিরাপত্তা ও দ্রুত মুক্তির জন্য জরুরি এবং সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “শহিদুল আলম শুধু একজন আলোকচিত্রী নন, তিনি ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা ও সংহতির প্রতীক হয়ে উঠেছেন। গাজার জনগণের প্রতি তিনি আমাদের সম্মিলিত সহানুভূতি ও মানবিক বার্তা পৌঁছে দিয়েছেন।”
তিনি আরও বলেন, “শহিদুল আলমের নিরাপত্তা ও মুক্তি এখন শুধু একজন নাগরিকের বিষয় নয়, এটি বাংলাদেশের জাতীয় সম্মান ও মর্যাদার প্রশ্নে পরিণত হয়েছে। তাই দেশের সুনাম রক্ষায় সরকারকে সর্বোচ্চ কূটনৈতিক ও রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হবে। আমরা আশ্বস্ত করতে চাই, জনগণ এই ন্যায্য দাবিতে সরকারের পাশে থাকবে ইনশাআল্লাহ।”