ভূমিকম্পে আহত মা এখনও জানেন না ছেলে রাফির মৃত্যুর খবর
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
রাজধানীর কসাইটুলীতে শুক্রবারের ভূমিকম্পে ভবনের ছাদের রেলিং ভেঙে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম ওরফে রাফিউল (২২)-এর লাশ শনিবার বগুড়ার বাড়িতে পৌঁছেছে।
রাফিউল বগুড়া শহরের সূত্রাপুর খান্দার সড়কসংলগ্ন মিশন হাসপাতালের পাশে ‘রমিছা ভিলা’-এর বাসিন্দা ছিলেন। বাবা ওসমান গণি সরকারি কলেজের অধ্যক্ষ। ভোরের ভূমিকম্পের সময় রাফিউল এবং তার মা নুসরাত আক্তার কসাইটুলীর একটি দোকানের সামনে মাংস কিনতে দাঁড়িয়ে ছিলেন। তখন ছাদের রেলিং ভেঙে রাফিউল নিহত এবং মা গুরুতর আহত হন।
মা নুসরাত আক্তারকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, মাথায় মারাত্মক চোটের কারণে তিনি এখনও শঙ্কামুক্ত নন এবং মৃত ছেলের খবর জানানো হয়নি।
রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার জানাজা সলিমুল্লাহ মেডিকেল কলেজে অনুষ্ঠিত হওয়ার পর লাশ বগুড়ায় আনা হয়। বাদ জোহর শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে তার জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান গোরস্তানে দাফন করা হয়।
স্বজনেরা জানান, রাফিউল খুবই মেধাবী ও শান্ত স্বভাবের ছিলেন। তিনি বগুড়ার ওয়াইএমসিসি স্কুল, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করেন।