তেলের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম
দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি এই মূল্যবৃদ্ধিকে সাধারণ মানুষের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো জনজীবনে আরও সংকট তৈরি করবে।
পোস্টে তিনি আরও লিখেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। অনেকেই দৈনন্দিন খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো সাধারণ মানুষের কষ্টকে আরও বাড়িয়ে তুলবে।
ডা. শফিকুর রহমান বলেন, বিশ্ববাজারে তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে এর বিপরীত সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। এই সিদ্ধান্তের ফলে পরিবহন ভাড়া বাড়বে এবং এর প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়ে মূল্যস্ফীতি আরও বাড়বে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি সরকারের প্রতি এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।