মাদারীপুরে বাস–ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল ৭ জনের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ঘটকচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তিন ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। রাত পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান ছিল।

নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া তিনজন হলেন—কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান (২৫), কলেজ রোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০) এবং কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জসিম বেপারীর ছেলে ইজিবাইকচালক সাগর বেপারী। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, ‘সার্বিক পরিবহন’-এর একটি বাস মাদারীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের পর বাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালকসহ চারজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের ওই অংশটি সরু এবং যানবাহনের চাপ বেশি থাকায় সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যান চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

২৫০ শয্যা জেলা হাসপাতালের পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক জানান, মরদেহগুলোর ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনাটি আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। মাদারীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495