রমজানের শুরুতেই আকাশছোঁয়া লেবুর দাম, এক হালির দাম ২০০ টাকা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

ছবি: সংগৃহীত

রমজানের শুরু থেকেই চট্টগ্রামের বাজারে লেবুর দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রায় চারগুণ দাম বৃদ্ধি পেয়েছে এ পণ্যের। বর্তমানে ছোট লেবুর হালি ৮০ থেকে ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। মাঝারি ও বড় লেবুর হালি বিক্রি হচ্ছে ১২০ থেকে সর্বোচ্চ ২০০ টাকায়।

নগরের বহদ্দারহাট, চকবাজার ও কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, কিছুদিন আগেও যেখানে এক হালি লেবু ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছিল, সেখানে গত সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ৮০ থেকে ১০০ টাকায়। বর্তমানে কোথাও কোথাও বড় লেবুর হালি ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে দরদাম করে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের পর বিভিন্ন বাজারে প্রতি পিস লেবু ৩০ থেকে ৫০ টাকা হাঁকতে দেখা গেছে। দর-কষাকষির পর এক ক্রেতা দুটি লেবু কিনেছেন ৯০ টাকায়।

বাজার ঘুরে দেখা যায়, অনেক স্থানে লেবুর মজুদ কম। কোথাও আবার লেবু প্রায় নেই বললেই চলে। যে লেবু পাওয়া যাচ্ছে তার অনেকগুলোই অপরিপক্ব। তুলনামূলক কম দামের লেবুতে রস কম থাকার অভিযোগ করেছেন ক্রেতারা।

বিক্রেতাদের দাবি, রমজান সামনে রেখে অনেক চাষি বেশি দামের আশায় বাজারে লেবু ছাড়ছেন না। একই কারণে পাইকারি ব্যবসায়ীরাও লেবু মজুদ করে রাখতে পারেন। ফলে সরবরাহ কমে গিয়ে খুচরা বাজারে দাম বেড়েছে।

চকবাজারের এক বিক্রেতা জানান, পাইকারি বাজারেই বেশি দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি ছাড়া উপায় নেই। কিছুদিন আগেও যে দামে এক ডজন লেবু বিক্রি হয়েছে, এখন সেই দামে এক হালিও পাওয়া কঠিন।

রমজানকে কেন্দ্র করে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় নিম্নআয়ের ক্রেতারা সবচেয়ে বেশি চাপে পড়েছেন। ইফতারের জনপ্রিয় পানীয় লেবুর শরবত হওয়ায় এ সময় পণ্যটির চাহিদা স্বাভাবিকভাবেই বাড়ে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495