মহাসড়কে চলন্ত বাসে ভয়াবহ আগুন, পোড়া মরদেহ উদ্ধার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর জেলার ডাসার উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক অজ্ঞাতনামা পুরুষ যাত্রী দগ্ধ হয়ে নিহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার গোপালপুর এলাকার মেলকাই এলাকায় সাকুরা পরিবহণের একটি বাসে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বরিশাল থেকে যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। পথিমধ্যে মেলকাই এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত অবস্থায় বাসের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর প্রাণ বাঁচাতে যাত্রীরা দ্রুত জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে যান। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাস্থল থেকে একজন অজ্ঞাত পুরুষের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী দাবি করেন, বাসে অতিরিক্ত জ্বালানি ছিল। জ্বালানি লিক হয়ে হেলপার তা ঠিক করার চেষ্টা করতেই আগুন লেগে দ্রুত তা ছড়িয়ে পড়ে।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495