মুক্তাগাছায় ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ৩ নারীসহ নিহত ৪

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:২১ পিএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মনতলা সত্রাসিয়া সমিতিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকচালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে একজন পুরুষের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সড়কে উল্টে থাকা ট্রাকটি সরাতে ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495