ভাঙ্গায় বাস-ইজিবাইক সংঘর্ষে মা-মেয়ে ও নাতিসহ নিহত ৪
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় বাস–ইজিবাইক সংঘর্ষে মা, মেয়ে ও নাতিসহ চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী এলাকায় রেলক্রসিংয়ের কাছে। ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভাঙ্গা শহর থেকে একটি ইজিবাইক শরীফাবাদের দিকে যাচ্ছিল। এ সময় কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গণেশ চন্দ্র সাহা জানান, নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের। তারা হলেন- নুরুন্নাহার বেগম (৪৫), তার মেয়ে রিমু আক্তার (২৩) ও রিমুর আড়াই বছরের ছেলে রায়হান। অপর নিহত ব্যক্তি পরিচয়হীন এক পুরুষ (৫৬)।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলালউদ্দীন বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।