খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমাল সরকার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুর আমদানিতে আমদানি শুল্ক ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ লক্ষ্যে সরকার খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়া, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ফল আমদানির ওপর প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় গত বছর দেয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।

এনবিআর মনে করছে, আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই উল্লেখযোগ্য ছাড়ের ফলে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ বাড়বে এবং বাজারমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495