মার্কিন শাটডাউনের প্রভাবে ডলারের দর ২২ বছরে সর্বোচ্চ বার্ষিক পতনের পথে
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০১:৫৯ পিএম
যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকার আংশিকভাবে বন্ধ হওয়ায় কংগ্রেসে অস্থায়ী বাজেট নিয়ে কোনো সমঝোতা না হওয়ায় মার্কিন ডলারের দর গত বুধবার (১ অক্টোবর) ০.২৭ শতাংশের বেশি কমে ৯৭.১৯ এ দাঁড়িয়েছে। এ পতনের প্রভাব হিসেবে ডলারের বার্ষিক দর ২০২৫ সালে প্রায় ১০ শতাংশ কমতে পারে, যা ২২ বছরে সর্বোচ্চ বার্ষিক দরপতনের পথ দেখাচ্ছে। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।
ডলারের মান নির্ধারণ করা হয় ইউরো, জাপানি ইয়েনসহ ছয়টি প্রধান আন্তর্জাতিক মুদ্রার তুলনায়। বিশ্লেষকদের মতে, শাটডাউনের কারণে মার্কিন সরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে বিলম্ব করবে। উদাহরণস্বরূপ, শ্রম পরিসংখ্যান ব্যুরো শাটডাউনের সময় কৃষি বহির্ভূত চাকরি, বেকার ভাতা আবেদনের সংখ্যা ও মুদ্রাস্ফীতি সম্পর্কিত তথ্য প্রকাশ করতে পারবে না।
যদিও শাটডাউন সরাসরি অর্থনৈতিক সংকট তৈরি করছে না, তবুও এটি দৈনন্দিন জীবনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। বহু সরকারি কর্মচারী বিনা বেতনে কাজ করতে বাধ্য হবেন বা নতুন বাজেট পাস না হওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে থাকবেন।
অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, মার্কিন ডলারের বাজারে এই পতন আন্তর্জাতিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রপ্তানি ও আমদানির খাতে এই শাটডাউন দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করতে পারে।