দেশের সব ব্যাংকের জন্য নতুন নির্দেশনা
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম
দেশের সব ব্যাংককে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কা থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (১১ মার্চ) জারি করা এক সার্কুলারে ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, শাখা ও উপশাখায় বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমাতে একাধিক নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের ঝুঁকি তৈরি হয়েছে। এতে জ্বালানি ঘাটতির আশঙ্কা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে জাতীয় সম্পদের সাশ্রয় নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন মিতব্যয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতায় ব্যাংক খাতকেও বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ব্যাংকের অফিসগুলোতে অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার কমাতে হবে। প্রয়োজন ছাড়া আলো, পাখা ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার না করার পাশাপাশি দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারে গুরুত্ব দিতে বলা হয়েছে।
এছাড়া ব্যাংকগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে অফিসিয়াল গাড়ির ব্যবহারও সীমিত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভ্রমণে ব্যয় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভব হলে কর্মকর্তাদের গণপরিবহন বা একসঙ্গে গাড়ি ব্যবহার করে যাতায়াতের জন্য উৎসাহিত করতেও বলা হয়েছে।
একইসঙ্গে অপ্রয়োজনীয় ভ্রমণ কমানো এবং জেনারেটরের জ্বালানি ব্যবহার সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক ভবনে অপ্রয়োজনীয় আলোকসজ্জা ব্যবহার করা যাবে না এবং নির্ধারিত সময়ের বাইরে প্রচারমূলক ইলেকট্রনিক প্রদর্শন বোর্ড চালু রাখা থেকে বিরত থাকতে হবে।
এছাড়া ২০২২ সালের ৭ সেপ্টেম্বর বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সংক্রান্ত যে নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক, সেটিও কঠোরভাবে অনুসরণের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।
বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার প্রেক্ষাপটে আর্থিক খাতে বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।