জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে জরিমানা ৩০ লাখ টাকা পর্যন্ত

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:১২ পিএম

ছবি: এআই

দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে নিজস্ব কিউআর কোড তুলে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে এই ব্যবস্থা চালু করা বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে। একই নিয়ম পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সার্ভিস অপারেটরদের (পিএসও) ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বুধবার (১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে জানায়, নতুন এই নিয়ম সবার জন্য বাধ্যতামূলক এবং কোনো ধরনের ব্যত্যয় হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সার্কুলারে উল্লেখ করা হয়েছে, নিয়ম লঙ্ঘন করলে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সার্ভিসেস আইন ২০২৪’-এর ৩৭(৫) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এতে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা, তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে। প্রয়োজনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিচারিক কার্যক্রমও শুরু করা হতে পারে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে ‘বাংলা কিউআর’ প্রদর্শন নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ব্যাংক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্ন লেনদেনের জন্য প্রয়োজনীয় কারিগরি সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা নিশ্চিত করতে হবে।

এছাড়া মার্চেন্ট পয়েন্টগুলো নিয়মিত তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো মার্চেন্ট যদি পেমেন্টের পরিবর্তে ‘বাংলা কিউআর’ ব্যবহার করে ক্যাশ-আউট সুবিধা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে তার কিউআর সুবিধা বাতিল করতে হবে।

গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে ‘বাংলা কিউআর’ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একটি নিরাপদ, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল লেনদেন ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকরা নির্দিষ্ট কোনো অ্যাপের ওপর নির্ভর না করে যেকোনো ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে একটি মাত্র কিউআর কোডের মাধ্যমে সহজে পেমেন্ট করতে পারবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে এই আন্তঃকার্যক্ষম কিউআর পেমেন্ট ব্যবস্থা চালু করা হয়। সরকারের লক্ষ্য অনুযায়ী ২০২৭ সালের মধ্যে মোট লেনদেনের ৭৫ শতাংশ নগদবিহীন করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে ট্রেড লাইসেন্স গ্রহণ বা নবায়নের ক্ষেত্রে কিউআর পেমেন্ট সুবিধা বাধ্যতামূলক করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495