জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারপ্রতি বাড়ল ১৫-২০ টাকা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ এএম
বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির প্রভাব শেষে দেশের বাজারেও পড়ল জ্বালানি তেলে। দীর্ঘদিন স্থিতিশীল থাকার পর ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।
শনিবার (১৮ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন মূল্য অনুযায়ী রোববার থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করতে হবে।
সর্বশেষ ১ ফেব্রুয়ারি ২০২৬-এ নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে। নতুন দামে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, ফলে লিটারে ১৮ টাকা বেশি গুনতে হবে। অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, যা লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৯ টাকা বেড়েছে।
এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরকার বলছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখা এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।