স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪ হাজারের বেশি

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম চার হাজার তিনশ চুয়াত্তর টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ আটত্রিশ হাজার একশ একুশ টাকা।

শনিবার সকালে সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম একই দিন সকাল দশটা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ সাতাশ হাজার তিনশ একত্রিশ টাকা, ১৮ ক্যারেটের এক লাখ চুরানব্বই হাজার আটশ সাতচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম এক লাখ আটান্ন হাজার ছয়শ ঊননব্বই টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ১৫ মে সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার দুইশ ষোল টাকা কমিয়ে দুই লাখ বিয়াল্লিশ হাজার চারশ পঁচানব্বই টাকা নির্ধারণ করা হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। গত বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে পাঁচ হাজার ছয়শ সাতান্ন টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেটের রুপা পাঁচ হাজার তিনশ পঁয়ষট্টি টাকা, ১৮ ক্যারেট চার হাজার ছয়শ সাত টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম তিন হাজার চারশ একচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৯ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। গত বছর মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495