দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:২৪ এএম
দেশের তিন জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী কয়েক দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।