সাগরে লঘুচাপ, বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১২:১৬ পিএম
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রামগতিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৬৫ মিলিমিটার।