আগামী তিনদিন দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:২৬ পিএম

ছবি: সংগৃহীত

টানা গরমের পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে জনজীবনে।

শুক্রবার রাতে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, শুক্রবারের মতো আগামী তিনদিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। সব বিভাগেই কমবেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সন্ধ্যার বুলেটিন অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নরসিংদীতে। এছাড়া চুয়াডাঙ্গায় ৪৪ মিলিমিটার, চাঁদপুরে ৩৯ মিলিমিটার, টাঙ্গাইলে ৩২ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে, ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495