রাত ১টার মধ্যে ৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ পিএম
দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে মঙ্গলবার রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে যশোর, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ অস্থায়ী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া, বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা জনজীবনে কিছুটা স্বস্তি আনতে পারে।