সমুদ্রে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে বৃষ্টিপাত
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:১১ পিএম
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী সোমবার (১১ মে)-র মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর রোববার (১০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
আজকের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রোববার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে, তবে দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ১৩ ও ১৪ মে থেকে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস রয়েছে।
ঢাকায় রোববার সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। বর্তমানে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৮ মিনিটে হবে।
অন্য এক পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।