সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা, ১১ জেলায় সতর্কতা জারি

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪২ এএম

ছবি: সংগৃহীত

দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

শনিবার (১ নভেম্বর) রাতে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, রোববার (২ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা কার্যকর থাকবে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়া অফিসের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণ ও নৌচালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495