বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০১:১২ পিএম

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের মালাক্কা প্রণালী ও তার আশপাশে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’ ইতিমধ্যেই দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দক্ষিণপূর্ব বা পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমেই আরও দুর্বল হতে পারে।

তবে সমুদ্র এলাকায় আরেকটি নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘনীভূত হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দরে সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি (ক্রমিক নং-১) অনুযায়ী, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি সকাল ৬টায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে। পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে।

নিম্নচাপটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২ হাজার ৬০ কিমি, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২ হাজার কিমি, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৭৫ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৬০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ার সময় ৫০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। নিম্নচাপ কেন্দ্রের আশেপাশের সমুদ্র উত্তাল রয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারের জন্য গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495