নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু হাসপাতালে ভর্তি
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ এএম
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে তারা নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে বিশেষ পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন শিশুদের মধ্যে রয়েছে ডিমলা উপজেলার বালাপাড়া শুকানগঞ্জ এলাকার আয়েশা আক্তারের ছেলে মিজান মিয়া (৫ মাস), নীলফামারী সদর উপজেলার পঞ্চপুর এলাকার লিজু বেগমের ছেলে জিহাদ বাবু (২), দেবীরডাঙ্গা কাঞ্চনজঙ্ঘা এলাকার রাইয়ান (১), আব্দুল জোবায়ের (২), শিশু মাইশা (৩) ও শিশু সম্রাট ইসলাম (২)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত দুদিন ধরে এসব শিশু জ্বর, কাশি, ডায়রিয়া ও শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। প্রাথমিক পরীক্ষা—নিরীক্ষার পর চিকিৎসকরা একে হামের লক্ষণ হিসেবে চিহ্নিত করেন এবং তাৎক্ষণিকভাবে তাদের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। ইতোমধ্যে আক্রান্ত শিশুদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে নিশ্চিত হওয়ার জন্য ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে।
আক্রান্ত শিশু জোবায়েরের মা বাবলি বেগম জানান, তার সন্তান বেশ কয়েকদিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও কাশিতে ভুগছিল। পরে শরীরে ছোট ছোট লালচে র্যাশ ও ফুসকুড়ি দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা জানিয়েছেন এটি হাম হতে পারে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আরএমও ডা. দেবাশীষ সরকার বলেন, "ভর্তি হওয়া শিশুদের আমরা আলাদা রেখে (আইসোলেশন) প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। এটি হাম কি না, তা নিশ্চিত হওয়া যাবে ঢাকার ল্যাব থেকে পরীক্ষার রিপোর্ট আসার পর। রিপোর্ট পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। আপাতত শিশুদের অবস্থা স্থিতিশীল রয়েছে।"
নীলফামারী জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।