সরকার গঠন নিয়ে সংকটে থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৭:০২ পিএম
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম। দলটি বড় জয় পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন না পাওয়ায় রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। নির্বাচনে বিজয়ের দল টিভিকে পেয়েছে ১০৮টি আসন। তবে থালাপতি বিজয় নিজে দুইটি আসনে জয় পাওয়ায় একটি আসন ছেড়ে দিতে হবে। এতে দলটির আসন সংখ্যা কমে দাঁড়াবে ১০৭-এ।
ফলে সরকার গঠনের জন্য আরও ১১টি আসনের সমর্থন প্রয়োজন টিভিকের। দলটি আশা করেছিল, কংগ্রেসের পাঁচটি আসন এবং কয়েকটি ছোট দলের সমর্থন নিয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবে।
এ পরিস্থিতিতে বুধবার রাজ্যপাল আর ভি আরলেকারের সঙ্গে বৈঠক করেন টিভিকের নেতারা। তবে সূত্রের দাবি, রাজ্যপাল বিজয়ের প্রস্তাব নাকচ করে দেন। পরে বৃহস্পতিবার সকালে আবার দেখা করতে গেলে রাজ্যপাল স্পষ্ট জানান, সরকার গঠন করতে হলে ১১৮ জন বিধায়কের সমর্থনের লিখিত প্রমাণ দেখাতে হবে।
রাজ্যপালের এমন অবস্থানে উদ্বেগ প্রকাশ করেছে টিভিকে। দলটি সংখ্যালঘু সরকার গঠনের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিতও দিয়েছে।
এদিকে কংগ্রেস ছাড়াও বাম দলগুলোর মধ্যে সিপিআই, সিপিআইএম এবং বিদুথালাই চিরুথাইগাল কাটচির সমর্থন পেয়েছে বিজয়ের দল। উল্লেখযোগ্যভাবে, এই তিনটি দলই ডিএমকে নেতৃত্বাধীন জোটের অংশ।
ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন জানিয়েছেন, বিজয়কে এই দলগুলোর সমর্থন দেওয়ায় তার আপত্তি নেই। তবে বিদুথালাই চিরুথাইগাল কাটচির প্রধান থিরুমাভালাভান বলেছেন, তারা সরকারে যোগ দেবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও এক-দুই দিন সময় লাগবে। একই সঙ্গে বিজয়কে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দেওয়ার পক্ষেও মত দিয়েছেন তিনি।
সরকার গঠনের আরেকটি সম্ভাব্য পথ হিসেবে আলোচনায় এসেছে এআইএডিএমকের সঙ্গে জোট। দীর্ঘদিন তামিলনাড়ুর ক্ষমতায় থাকা দলটির কয়েকজন বিধায়ক বিজয়কে সমর্থন দিতে প্রস্তুত বলে খবর প্রকাশিত হলেও দলটির শীর্ষ নেতারা এমন জোটের সম্ভাবনা অস্বীকার করেছেন।
রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিজয়ের দলের ১০৭ জন নবনির্বাচিত বিধায়ককে চেন্নাইয়ের বাইরে মামাল্লাপুরামের একটি অবকাশকেন্দ্রে রাখা হয়েছে। দলটির আশঙ্কা, অন্য রাজনৈতিক দলগুলো তাদের বিধায়কদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করতে পারে।
তবে টিভিকে যদি শেষ পর্যন্ত ১১৮ জন বিধায়কের সমর্থন দেখাতে ব্যর্থ হয়, তাহলে রাজ্যপাল নতুন বিধানসভা স্থগিত করে কেন্দ্রের কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।