ভারতে গির্জার তিন নেতাকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের মণিপুর রাজ্যে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিদের হামলায় তিন গির্জা নেতা নিহত হয়েছেন। বুধবার কাংপোকপি জেলায় এ হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা স্থানীয় থাদৌ ব্যাপ্টিস্ট অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন। তাদের মধ্যে রয়েছেন মণিপুর ব্যাপ্টিস্ট কনভেনশনের সাবেক সাধারণ সম্পাদক রেভারেন্ড ভি সিটলহাউ। এছাড়া নিহত অন্য দুজন হলেন রেভারেন্ড ভি কাইগোলুন ও যাজক পাওগোউলেন।

স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চুরাচাঁদপুর জেলার লামকায় একটি থাদৌ ব্যাপ্টিস্ট অ্যাসোসিয়েশন সম্মেলনে অংশ নিয়ে দুটি গাড়িতে করে কাংপোকপিতে ফিরছিলেন তারা। পথে সশস্ত্র হামলার শিকার হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন ধর্মীয় নেতা ও দুই চালক রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার পর কাংপোকপি ও আশপাশের কুকি-জো অধ্যুষিত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির জেরে ২ নম্বর জাতীয় সড়কে অবরোধ শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি মণিপুরকে নাগাল্যান্ডসহ ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।

ঘটনার নিন্দা জানিয়ে মণিপুর বিজেপির মুখপাত্র ও থাদৌ সম্প্রদায়ের নেতা মাইকেল লামজাথাং থাদৌ বলেন, থাদৌ জনগোষ্ঠীকে ভুলভাবে অন্য গোষ্ঠীর সঙ্গে মিলিয়ে দেখার কারণে তারা দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হচ্ছে।

অন্যদিকে, চুরাচাঁদপুরের কুকি স্টুডেন্টস অর্গানাইজেশন এ হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে ঘটনাকে নিরীহ গির্জা নেতাদের ওপর বর্বরোচিত হামলা বলে উল্লেখ করেছে। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগও তোলা হয়েছে।

কুকি ইনপি মণিপুর নামের আরেকটি সংগঠনও হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির দাবি, নিহত রেভারেন্ড ভি সিটলহাউ সম্প্রতি নাগাল্যান্ডে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি ও পুনর্মিলনের উদ্যোগে যুক্ত ছিলেন। তাকে হত্যা চলমান শান্তি প্রচেষ্টার ওপর বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেছে তারা।

সংগঠনগুলো দ্রুত সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495