দেশের ২৬তম প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ পিএম
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে যেকোনো সময় সরকারিভাবে গেজেট প্রকাশ করা হতে পারে। আগামী ২৮ ডিসেম্বর নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন জুবায়ের রহমান চৌধুরী।
সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বিচারক জীবনের ইতি টেনে তিনি বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন জুবায়ের রহমান চৌধুরী।
জানা যায়, জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন।