হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে আদালতের নির্দেশ, কারণ কি?
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ডিএনএ নমুনা প্রোফাইলিং করে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এ নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। আবেদনে উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
আবেদনে আরও বলা হয়, অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।
পরবর্তীতে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বাংলাদেশ বিমানের মাধ্যমে দেশে আনা হয়। ২০ ডিসেম্বর সকালে মরদেহের সুরতহাল শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাশাত জাবীন ময়নাতদন্ত সম্পন্ন করেন এবং ডিএনএ নমুনা সংগ্রহ করেন।
আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিতের স্বার্থে ভবিষ্যতে প্রয়োজনের জন্য এই ডিএনএ নমুনা সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে সংরক্ষণ করা জরুরি। এ প্রেক্ষিতেই আদালত সিআইডির চিফ ডিএনএ অ্যানালিস্ট ফরেনসিককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।