সাবেক মেয়র আতিক ও হিট অফিসার বুশরার দেশত্যাগে নিষেধাজ্ঞা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা আফরিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ।

জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ১৬ অক্টোবর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারেই রয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

দুদকের উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা মো. সাইদুজ্জামান আদালতে আবেদন করে জানান, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে—বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রে—জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদকের আবেদনে বলা হয়, আতিকুল ইসলাম, তার স্ত্রী ও কন্যা দেশত্যাগ করে এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করতে পারেন। তারা বিদেশে চলে গেলে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিবেচনায় আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495